ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলা

প্রকাশ:

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানির ব্যক্তিগত কার্যালয় এবং নিরাপত্তা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে সংঘটিত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুর্দিস্তান কাউন্টার-টেরোরিজম সার্ভিস জানিয়েছে, হামলাটি ইরান থেকে দুটি ‘হাদিদ-১১০’ ড্রোন ব্যবহার করে পরিচালিত হয়েছে।

প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই ঘটনাকে ‘বেআইনি এবং স্থিতিশীলতার জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি, তবুও কুর্দি সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় ও গোয়েন্দা প্রধানের বাসভবনে একই সঙ্গে চালানো এই হামলাকে একটি গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে।

ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, কেআরজি তাদের সীমান্তসংলগ্ন এলাকায় ইরানবিরোধী কুর্দি সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। অতীতেও তেহরান এসব গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে, যদিও কুর্দি কর্তৃপক্ষ বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করে আসছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই নতুন হামলার ঘটনা ইরাক ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের পুরনো নিরাপত্তা বিরোধকে আবারও সামনে নিয়ে এলো।

শেয়ার করুন