বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পের সম্পদ কাজে লাগাতে নতুন খসড়া নীতিমালা

প্রকাশ:

রুগ্ন, অকার্যকর এবং বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে পুনরায় উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা’র খসড়াটি প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত এই নীতিমালায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, লেনদেনের উপযুক্ত কাঠামো নির্ধারণ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচন এবং সরকারি সম্পদের ন্যায্য অর্থনৈতিক মূল্য নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এছাড়া লেনদেন পরবর্তী বাস্তবায়ন ও পরিবীক্ষণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

নীতিমালাটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত আহ্বান করে। সেই প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে যৌক্তিক ও প্রযোজ্য বিষয়গুলো খসড়া নীতিমালায় সংযোজন করা হয়েছে।

শেয়ার করুন