দিনাজপুরে অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, গ্রেফতার ১

প্রকাশ:

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নবিরুল ইসলামকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী ঢাকা মোড় থেকে শাহাবাজপুর যাওয়ার উদ্দেশ্যে নবিরুলের অটোরিকশায় তিন যাত্রী ওঠেন। অটোরিকশাটি উত্তর লক্ষিপুর কুর্শাখালি রেলগেটের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। চালক নবিরুল বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত নবিরুল বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। গ্রেফতারকৃত আকাশ আহম্মেদ ফুলবাড়ী উপজেলার চকসাহাবাজপুর গ্রামের শাহজাহান আলীর সৎ ছেলে। ঘটনার পর শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করে পুলিশ। ওসি আব্দুল লতিফ শাহ জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক বাকি দুই আসামিকে গ্রেফতারের তৎপরতা চলছে।

শেয়ার করুন