প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এই সফরের জন্য একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষিতে দিল্লির স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। ভারতের কাছ থেকে জবাব পাওয়ার পরই বাংলাদেশ নিজেদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
সরকারি একটি সূত্র জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বৈঠক করতে আগ্রহী। এ লক্ষ্যে ভারতীয় হাইকমিশন থেকে গত সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট হওয়াকে পারস্পরিক আস্থার জন্য অপরিহার্য বলে মনে করছে। বিশেষ করে ৫ আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে আস্থার পথে নতুন বাধা হিসেবে দেখা দিয়েছে, যা গত দুই সপ্তাহে বিভিন্ন আনুষ্ঠানিক বার্তায় তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারত সরকারের উত্তরের ওপর ভিত্তি করেই সফরের সময়সূচি ও পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে। তিনি স্পষ্ট করেন যে, সরকার সফর বাতিল করেনি, বরং ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্ট সাড়া পাওয়ার অপেক্ষা করছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দুটি প্রধান বিষয় উত্থাপন করেছেন—হাজারো মানুষ হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আন্দোলনের পর ও নির্বাচনের আগে সংঘটিত শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ব্যক্তির ভারতে গ্রেপ্তার ও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা।
দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং এখন বাংলাদেশের সম্মতির অপেক্ষায় রয়েছে। চলতি মাসে সফরটি আয়োজন করা কঠিন হলেও বাংলাদেশ রাজি হলে তা অসম্ভব নয় বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার ভোরে তিন দিনের সফরে কাতার যাচ্ছেন। তার এই সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বিনিয়োগবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা থাকছেন।
তাদের উত্তরের পর এ নিয়ে কথাবার্তা হবে।প্রধানমন্ত্রী কি ভারতে যাচ্ছেন—চ্যানেল ২৪-এর এক প্রশ্নের উত্তরে সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী যাচ্ছেন না, আমরা সেটা বলিনি।





