ঢাকার সার্বিক তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশ:

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই দায়িত্বের অংশ হিসেবে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সমন্বয় ও তদারকিতে ভূমিকা রাখবেন।

দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সরকার মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব প্রদান করেছে। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাঠপর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর তদারকি ও সমন্বয় জোরদার করতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব প্রদান করায় তার রাজনৈতিক সহকর্মীরা একে সরকারের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে তিনি এই নতুন দায়িত্বে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তারা।

শেয়ার করুন