ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনের সঙ্গে নাগরিকদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’। গত শনিবার সকালে মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন। এতে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন।
ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই হেরিটেজ রানের আয়োজন করা হয়। সকাল ৭টায় শাপলা চত্বর থেকে রান শুরু হয়ে কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, লালবাগ কেল্লা ও শহীদনগর হয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।
রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে পারবে।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল আমার শহর ঢাকাকে নিয়ে গর্ব করা। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, আবার কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত—এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে। ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





