চলমান সরকারের মেয়াদেই ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশ:

বর্তমান সরকারের মেয়াদেই দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবেই মহাসড়কটি সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি বিভাগীয় শহরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবিত এই কমপ্লেক্সগুলোতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি-এর আদলে আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণের সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে।

নাগরিক সমাবেশে কুমিল্লার স্থানীয় উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

শেয়ার করুন