ঢাকার যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ টার্মিনাল সরানোর উদ্যোগ

প্রকাশ:

রাজধানীর তীব্র যানজট নিরসনের লক্ষ্যে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালের ওপর থেকে চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদ্যমান ডিপোগুলো ব্যবহারের পাশাপাশি বিকল্প অবকাঠামো তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

প্রতিমন্ত্রী জানান, শহরের ভেতরে গণপরিবহনের অতিরিক্ত চাপই রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ। এই চাপ কমাতে কাঁচপুর ও পূর্বাচল এলাকায় অবস্থিত ডিপো এবং অন্যান্য অবকাঠামো ব্যবহারের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে। এর আওতায় টার্মিনাল সংলগ্ন নতুন জায়গাগুলোকে দ্রুত ব্যবহারের উপযোগী করে তোলা হবে।

সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক এবং সড়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু রাজধানীর ভেতর নয়, বৃহত্তর ঢাকার পুরো যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ ঢাকার প্রবেশপথগুলোতে সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কগুলোকে যান চলাচলের উপযোগী করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে টার্মিনালগুলোর আধুনিকায়নের পাশাপাশি নির্দিষ্ট বাস কাউন্টার স্থাপন এবং যাত্রীসেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের অধীন টার্মিনালগুলোর উন্নয়ন এবং এসি বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনাল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন