নর্থ সাউথ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ প্রিপেইড কার্ড চালু

প্রকাশ:

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের আর্থিক স্বাবলম্বিতা ও সচেতনতা বাড়াতে ঢাকা ব্যাংক পিএলসি এবং মাস্টারকার্ড যৌথভাবে ‘ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড’ চালু করেছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে এনএসইউ ও ঢাকা ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগের পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সেতুবন্ধন তৈরি করাই তাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, এই কার্ডটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এক বার্তায় জানান, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও বিদেশে শিক্ষা সংক্রান্ত খরচ, ডিজিটাল সেবা এবং দৈনন্দিন জীবনযাপনের ব্যয় সহজে পরিচালনা করতে পারবেন। কার্ডটিতে IELTS, SAT, GMAT ও TOEFL পরীক্ষার ফি পরিশোধের সুযোগ রয়েছে। এছাড়া স্টার সিনেপ্লেক্স ও জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্যাশব্যাক সুবিধা পাওয়ার পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও লাইফস্টাইল ব্র্যান্ডে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং মাস্টারকার্ডের লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

শেয়ার করুন