প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৫। আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৫। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার এই পরিস্থিতিতে আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। ২০০৭ সালের ৮ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের ৭ নম্বর রেজল্যুশনে এই দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০০৮ সাল থেকে জাতিসংঘ-ঘোষিত এই দিবসটি সদস্যভুক্ত সব দেশে পালিত হয়ে আসছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। বিপ্লবের দেড় বছরের মাথায় একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। তবে এই গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সরকার ও বিরোধী দলের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সরকারি মহল বর্তমান মেয়াদেই গণতান্ত্রিক যাত্রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বললেও, বিরোধী দল ও বিশ্লেষকদের একাংশ একে এখনো অনিশ্চিত বলে মনে করছেন।
এ বছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে আনা’। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় সংসদে পাস হওয়া মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সমালোচনা করছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশিষ্টজনরা।
বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এমপি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদেই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। তবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, সরকার এ বিষয়ে টালবাহানা করছে। তিনি আরও বলেন, বিএনপির মেনিফেস্টো অনুযায়ী বিরোধীদলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব না দেওয়া এবং গত ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা ব্যহত হওয়া আইসিটি কালো আইনের পর নতুন করে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের উদ্যোগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি বলেন, গণতন্ত্র এখনো দলীয়করণ পর্যায়ে রয়েছে এবং নির্বাচন কমিশন ও বিচারালয় দুর্বল অবস্থায় আছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, দেশে গণতন্ত্রের খোলস থাকলেও জবাবদিহিতার অভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, সংসদীয় কমিটির সভাপতিত্বে বিরোধীদলের অংশগ্রহণ নেই এবং হাসিনা সরকারের আমলের ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে না।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, বিএনপি ক্ষমতায় এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে। তিনি জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অন্যদিকে, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বর্তমান বিএনপি সরকারকে গণতন্ত্রের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে।





