দিল্লিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ

প্রকাশ:

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন দুইজন সহকারী পুলিশ কমিশনার (এএসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবল। পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে।

উদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়। লাউডস্পিকারযুক্ত একটি পুলিশ বাসের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন