ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা ৩টি কার্টন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে কার্টনগুলো পড়ে থাকতে দেখেন।
কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর তারা বিষয়টি মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টন ৩টি উদ্ধার করে এবং সেগুলো খুলে ৬ টুকরো লাশটি দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। এ ঘটনার রহস্য উদঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছিল।
মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, পুলিশ পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





