আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত লাশ, পরিচয় শনাক্তে পুলিশ

প্রকাশ:

রাজধানীর আদাবর এলাকা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ১০ নম্বর বালুর মাঠ এলাকার খালপাড়ের ময়লার স্তূপ থেকে পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদাবরের ১০ নম্বর বালুর মাঠের পাশে খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি টান দেন। এ সময় ব্যাগ থেকে প্রথমে একটি মানুষের হাত এবং পরে মাথা বেরিয়ে আসে। এরপর পুলিশ খালে তল্লাশি চালিয়ে লাশের আরও দুটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর দুই পা খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, মাঝবয়সী এই নারীর পরিচয় নিশ্চিত হতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এছাড়া অপরাধীদের শনাক্ত করতে ও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় বা হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন