চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সহায়তার অংশ হিসেবে ৪০০ বস্তা গোখাদ্য বা গমের ভুসি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি নিজ হাতে বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত খামারির মাঝে গমের ভুসি তুলে দেন। মন্ত্রী বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও খামারিরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার সবসময় তাদের পাশে আছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও গোখাদ্য সরবরাহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর জানান, দুর্যোগের এই সময়ে খামারিদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, চন্দনাইশ, সাতকানিয়া, কর্ণফুলী ও বাঁশখালী—এই চারটি বন্যাকবলিত উপজেলায় ১০০ বস্তা করে মোট ৪০০ বস্তা গোখাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে এই সহায়তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বন্যাকবলিতদের ঘুরে দাঁড়াতে সরকারি উদ্যোগে বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার বলেন, বন্যায় অনেক খামারের ঘাসের মাঠ ও মজুত গোখাদ্য নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন এবং আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




