বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

প্রকাশ:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের প্রধান সমুদ্রপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেওয়ার হুমকি দেওয়ায় জ্বালানি বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনভর লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলোতে অস্থিরতা বাড়ায় সরবরাহ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে।

শেয়ার করুন