দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা ক্রমাগত ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাস এপ্রিলের তুলনায় এই লেনদেনের পরিমাণ প্রায় ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এপ্রিল মাসে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা, অর্থাৎ মে মাসে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ।
বছরভিত্তিক তুলনায় প্রবৃদ্ধি আরও স্পষ্ট। ২০২৫ সালের মে মাসে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই তুলনায় এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে, উচ্চ মূল্যস্ফীতির পরিবেশেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় কার্ডের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে, যেখানে মে মাসের মোট লেনদেনের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে।
ক্রেডিট কার্ডে লেনদেন বাড়ার পেছনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, ব্যাংকগুলোর বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, কার্ড ব্যবহারের সহজলভ্যতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ড গ্রহণের হার বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে ব্যাংকগুলোর আদায়যোগ্য বকেয়া অর্থের পরিমাণ ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা, যা নির্দেশ করে যে অনেক গ্রাহক এখনো ব্যক্তিগত ও পারিবারিক খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীল।
দেশের বাইরেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। অন্যদিকে, বিদেশি ব্যাংকের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে, যা পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক ইঙ্গিত বহন করে।
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে ৯ দশমিক ৬০ শতাংশ, থাইল্যান্ডে ৮ দশমিক ৮৫ শতাংশ, সিঙ্গাপুরে ৭ দশমিক ৮১ শতাংশ, সৌদি আরবে ৭ দশমিক ৪৭ শতাংশ, ভারতে ৬ দশমিক ৮৯ শতাংশ, মালয়েশিয়ায় ৫ দশমিক ০৮ শতাংশ, নেদারল্যান্ডসে ৪ দশমিক ৮৯ শতাংশ, চীনে ৪ দশমিক ৭৮ শতাংশ, কানাডায় ৪ দশমিক ০৩ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৩ দশমিক ৯৩ শতাংশ এবং আয়ারল্যান্ডে ৩ দশমিক ৫১ শতাংশ লেনদেন হয়েছে। উল্লেখযোগ্য যে, এক মাসের ব্যবধানে সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে, যা এপ্রিলের ৩ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে।
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য (৯.৬০ শতাংশ), থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ড (৩.৫১ শতাংশ)।




