কিশোরী ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

প্রকাশ:

নেত্রকোনায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জানিয়েছে, গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকেই রিপন মিয়া পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র‌্যাবের একটি গোয়েন্দা দল নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত রিপন ওই কিশোরীকে নিজের কনটেন্টে সুযোগ দিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে আসছিলেন। গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার বাহানায় কিশোরীটিকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যান তিনি। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন কিশোরীর বাবা।

নেত্রকোনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে ফেসবুকে বিভিন্ন সংলাপের ভিডিও তৈরি করে পরিচিতি লাভ করেন। বর্তমানে তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৯ লাখের বেশি।

শেয়ার করুন