বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পার্লামেন্টে সংবিধান সংস্কার না হলে এ সমস্যার সমাধান রাজপথেই হবে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসে শুধুমাত্র সংশোধনের কথা বলা জাতির সাথে প্রতারণার শামিল।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, গত বছর ১৩ নভেম্বর জারি করা আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার দাবি, সেই গণভোটে ৭০ শতাংশের বেশি মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। এখন যদি সেই গণরায় অস্বীকার করা হয়, তবে তা জনগণের সাথে প্রতারণার শামিল হবে। তিনি বলেন, একই ভোটে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে একটি মেনে অন্যটি না মানার সুযোগ নেই।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লসকর মো: তসলিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মধ্যে শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন বা অঙ্গহানি নিয়ে বেঁচে আছেন, তারা এখনো বৈষম্যের শিকার। তিনি গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের নম্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান অভিযোগ করেন, পাঁচ মাসের সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারেনি। তিনি বলেন, সাড়ে ১২ হাজার টাকা মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার চলে না। শ্রমসংস্কারের কথা ভুলে ফ্যামিলিকার্ডের মুলা ঝুলানো হচ্ছে, যা শ্রমিকরা মানবে না। অধিকার আদায়ে প্রয়োজনে রাজপথে আসার আহ্বান জানান তিনি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশের পথ তাদের আত্মত্যাগের বিনিময়ে উন্মোচিত হয়েছে। তিনি শহীদ জাবের ইব্রাহিম, আনাস ও মেহেদী হাসানসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, কৃষি শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম রব্বানী, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ, বিআরইএলের সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নুরুল আমিন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ, আমার বাংলাদেশ পার্টির শ্রমবিষয়ক সম্পাদক আবু রায়হান এবং কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ এইচ এম আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর জারি হওয়া আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের উদ্যোগ নেয়া হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।





