বিরোধী দলসহ সমাজের সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণ করে এমন একটি সংশোধনীই তারা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করতে চান।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের এই নবযাত্রা ও গণতান্ত্রিক বিবর্তনমূলক কার্যে যে সংস্কারের প্রয়োজন, তা এই কমিটি ধারণ করবে। তিনি জানান, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হবে। তবে বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির জন্য যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, তা এখনো পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে, বিরোধী দল বিষয়টি অনুধাবন করে দ্রুত তাদের নাম প্রস্তাব করবে।
কমিটির সভাপতি আরও জানান, বিরোধী দলের সদস্যদের পরামর্শ গ্রহণের জন্য তারা সব সময় উন্মুক্ত। বৈঠকে উপস্থিত হয়ে বা লিখিতভাবে—যেকোনো মাধ্যমেই তাদের প্রস্তাব গ্রহণ করা হবে। কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সবার কথা শুনতে আগ্রহী এবং উদার মানসিকতা নিয়ে কাজ করছেন, তাই একে তিনি চ্যালেঞ্জ মনে করেন না।
ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সংবিধানেই প্রথম সবকিছু ধারণ ও সংরক্ষণ করতে হবে। এছাড়া কাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে, তা আজকের বৈঠকেই নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হবে।
জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো তারা বিবেচনায় নেবেন। এর বাইরেও যেসব বিষয় ইশতেহারে ছিল বা আলোচনায় এসেছে, তা নিয়ে সমঝোতার ভিত্তিতেই প্রতিবেদন প্রণয়ন করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৪৮ দফার মধ্যে অনেক কিছু আছে। আমরা একমত হয়েছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে যেগুলো আছে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচন ইশতেহারে আছে, সেগুলোও আমরা ধা




