মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বুকাভু শহরে দুটি স্কুলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। মূলত আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে হুড়োহুড়ির সময় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডে কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে। মৃতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রাথমিক প্রাপ্ত তথ্যানুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঠিক কী কারণে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ডিআর কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। গত বছরের ফেব্রুয়ারি মাসে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল।





