সাতক্ষীরার কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন থানা ভবন ভাঙার অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় উপজেলার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে মাটির নিচে থাকা পরিত্যক্ত ককটেলটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের ফলে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ সময় তার পাশেই থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পায়ে আঘাত লাগে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিত্যক্ত ককটেলটি কীভাবে মাটির নিচে ছিল, তা নিয়ে সংশ্লিষ্টরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।
কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে হঠাৎ একটি আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে জানতে পারা যায় যে, ককটেল জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্বে ওই স্থানে বিস্ফোরকটি মাটির নিচে চাপা পড়ে ছিল।





