সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

প্রকাশ:

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি জনসমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে এই হামলার ঘটনা ঘটে, যাতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সমাবেশে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার সময় মঞ্চে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।

এই বিস্ফোরণের ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, জাতীয় নাগরিক পার্টি বর্তমানে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবেই সাভারে সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন