রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে এই উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে একে অপরের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সংঘর্ষের চিত্র ফুটে উঠেছে, যেখানে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা বা পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান নিলেও বিকেল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।





