চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ফসল রক্ষার নামে বিষ প্রয়োগ করে শতাধিক দেশি পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় জমির মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান তার ঘাসের জমিতে পোকা দমনের উদ্দেশ্যে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ওই জমিতে পোকামাকড় খেতে আসা প্রায় শতাধিক শালিক, চড়ুইসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাঠে বিপুলসংখ্যক পাখির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবেশপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সংবাদ পেয়ে রোববার রাতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থলে পৌঁছে বিষ প্রয়োগের সত্যতা নিশ্চিত করেন। এ সময় জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের কথা স্বীকার করেন। ঘটনার সত্যতা ও দায় স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দণ্ডের নির্দেশ প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম জানান, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পাখিসহ বন্যপ্রাণী সংরক্ষণ করা সকলের দায়িত্ব। তিনি ফসল রক্ষার নামে বিষ দিয়ে পাখি হত্যাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে সকল কৃষক ও জমির মালিকদের পরিবেশ রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।





