টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারী বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি ঢুকে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই আটকা পড়ে আছে।
রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনটি বর্তমানে থামিয়ে রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ট্রেনটি হঠাৎ থামিয়ে দেওয়ার ফলে কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে অনেকে আতঙ্কে রয়েছেন। যাত্রীদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।





