চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে অবস্থিত হুইতেং শুজ নামের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির ফুটেজে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর ও বাইরে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে এবং নিচতলায় আগুন ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিককে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা যায়।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৫টি উদ্ধারযানসহ ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে আরও কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে এর পেছনে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।





