সুপারি গাছে না ওঠায় লক্ষ্মীপুরে শিশুকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ:

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা এলাকায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিয়াদ হোসেন নামের ১২ বছর বয়সী এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রিয়াদ ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে রুবেল হোসেন রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেছিল। রিয়াদ গাছে উঠতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল তাকে ছুরিকাঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় রিয়াদকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, রুবেল মাদকাসক্ত এবং তাকে আটকের চেষ্টা চলছে। স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে রুবেল গা ঢাকা দিয়েছে এবং স্থানীয়রা তাকে খুঁজছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন