পথশিশুদের পড়াশোনা ও খেলাধুলায় আগ্রহী করতে ছাত্রদলের নতুন উদ্যোগ

প্রকাশ:

সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এলাকায় পরিচালিত সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনা হয়েছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তোলার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রমে নতুন মাত্রা যোগ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় শুরু হওয়া এই শিক্ষাকার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে নিয়মিত পরিচালিত হয়ে আসছে।

শিশুদের শিক্ষার পরিবেশকে আরও আনন্দময় ও উৎসবমুখর করার অংশ হিসেবে তাদের মধ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য হলো, শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে তোলা। এছাড়া, কার্যক্রমের শুরু থেকেই শিশুদের শিক্ষার অগ্রগতি ও মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত পুরস্কার প্রদান করা হচ্ছে, যা তাদের পড়াশোনায় বাড়তি উৎসাহ জোগাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, শিশুদের অপরাধপ্রবণতার জগত থেকে দূরে রাখা এবং তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া থেকে বাঁচাতে ন্যূনতম শিক্ষার আলো তাদের মধ্যে থাকা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত না হওয়ায় এসব শিশু খেলাধুলা ও বিনোদন থেকেও বঞ্চিত। তাই তাদের খেলাধুলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা তাদের শিক্ষার প্রতিও উৎসাহিত করবে।

শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়া পথশিশুরা জানিয়েছে, পড়াশোনা ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ থাকলেও সুযোগের অভাবে তারা তা করতে পারত না। তাদের মতে, এ ধরনের আয়োজন তাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা এবং তারা এর আগে এমন উদ্যোগ কখনও দেখেনি।

শেয়ার করুন