ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তার সাম্প্রতিক এক মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আগামীকাল রাত ২টায় নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি বলেন, আমি ফুটবল বুঝি কি না তা জানি না, তবে ফুটবল বোঝার বিষয়টি বিচার করার যোগ্যতা কারও নেই।
নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে আনচেলত্তি জানান, তিনি এখন পর্যন্ত এক হাজার চার শর বেশি ম্যাচ পরিচালনা করেছেন। তিনি বলেন, ফুটবল পুরোপুরি বোঝার জন্য হয়তো এই অভিজ্ঞতা যথেষ্ট নয়, তবে এটি মোটেও কম নয়। তার মতে, কোচ হিসেবে তার চেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা কেবল স্যার অ্যালেক্স ফার্গুসনেরই আছে, যিনি দুই হাজারের বেশি ম্যাচে কৌশল সাজিয়েছেন। আনচেলত্তি আরও যোগ করেন, তিনি সবার পরামর্শ গুরুত্বের সঙ্গে নেন, তবে তাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি কেবল স্যার অ্যালেক্স ফার্গুসনই।
নরওয়ের বিপক্ষে আসন্ন ম্যাচটি সহজ হবে না বলে সতর্ক করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, বিশ্বকাপের বাকি পথটা বেশ কঠিন। নকআউট পর্বে কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নরওয়ে একটি দারুণ দল এবং তাদের দলে আরলিং হালান্ডের মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রয়েছেন। তাই তাদের বিপক্ষে কাজটা সহজ হবে না, তবে দল ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের যাত্রা শুরু করেছিল পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে। এরপর টানা দুই জয়ে দলটি নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ ষোলোতে জাপানের মুখোমুখি হয়ে বেশ বেগ পেতে হয়েছিল ব্রাজিলকে। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর কাসেমিরো ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি।

