ব্রাজিলের বিদায়ে আবেগঘন বার্তা দিলেন সাবেক তারকা ফুটবলার কাফু

প্রকাশ:

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের হতাশায় আবেগঘন বার্তা দিয়েছেন দলটির সাবেক তারকা ফুটবলার কাফু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার এই যন্ত্রণা তিনি নতুন করে অনুভব করছেন। ১৯৯৮ ও ২০০৬ সালেও তিনি একই ধরনের কষ্টের মুখোমুখি হয়েছিলেন বলে জানান এই কিংবদন্তি।

কাফু লেখেন, এই কষ্ট কেবল মাঠে থাকা খেলোয়াড়দের নয়, বরং কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকের, যারা প্রতিটি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যোগ হওয়ার স্বপ্ন দেখেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৮ সালের হতাশা যেমন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে আটকাতে পারেনি, তেমনি ২০০২ সালে শিরোপা জয়ের পরও ২০০৬ সালে দলটি ব্যর্থ হয়েছিল। তার মতে, বিশ্বকাপ জয় ভাগ্যের বিষয় নয়, বরং এটি প্রস্তুতি, পারফরম্যান্স এবং নানা পরিস্থিতির সমন্বয়ের ফল।

এবারের আসর থেকে ব্রাজিলের বিদায় এবং দেশে ফিরে আসায় খেলোয়াড় ও সমর্থক সবাই ভীষণ হতাশ বলে মন্তব্য করেন কাফু। তবে তিনি জোর দিয়ে বলেন, এই ব্যর্থতা তাদের স্বপ্ন দেখা থামিয়ে দিতে পারবে না। বারবার ঘুরে দাঁড়ানোর মানসিকতাই ব্রাজিলকে বিশ্বের অন্যতম সফল জাতীয় দলে পরিণত করেছে এবং পাঁচটি বিশ্বকাপ শিরোপা জয়ী হলুদ জার্সি ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় জার্সি বলে তিনি উল্লেখ করেন।

পরিশেষে, ব্রাজিলের সমর্থকদের দলের সবচেয়ে বড় শক্তি ও অর্জন হিসেবে অভিহিত করেন কাফু। তিনি সমর্থকদের মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০৩০ সালের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার সুযোগ আবারও আসবে এবং সেই লক্ষ্যেই এখন থেকে এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন