মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে যা বললেন ডা. জাহেদ উর রহমান

প্রকাশ:

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভায় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, মন্ত্রিসভার কোনো সদস্য যদি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে তাদের দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

তবে এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই হবে নাকি এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি উপদেষ্টা। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে যা বুঝেছি, তিনি যদি মনে করেন কারো পারফরম্যান্স সন্তোষজনক নয়, তবে তিনি দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে অন্তর্ভুক্ত করার মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও এই মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন