জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই প্রণয়ন করার কারণে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার জনগণের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতির বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। এদিকে, গত ২৯ জুন ওষুধ ও কসমেটিকস আইনের বিধান অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। মন্ত্রিসভা এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করেছে।
পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে যাতে জনগণের ওপর বাড়তি চাপ তৈরি না হয় এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।





