তিন লাখ টাকা পাওনা নিয়ে বন্ধুকে হত্যা ও মাটিচাপা

প্রকাশ:

তিন লাখ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনী (৪৭) নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর লালবাগের ৯ বি সি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশটি হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা এবং মুখ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। নিহত ব্যবসায়ী ওয়াসিমের শ্যালক মুরাদ হোসেন জানান, যে ভবনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই ভবনের নিচতলায় অভিযুক্ত মোহাম্মদ মাসুম চৌধুরীর ইমিটেশন জুয়েলারির পাইকারি কারখানা ছিল।

মুরাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর ওয়াসিম তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন যে, মাসুম তাকে তিন লাখ টাকা ফেরত দেওয়ার জন্য একটি চেক দেবেন। ওই দিন দুপুরের পর থেকেই ওয়াসিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাসুমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। মাসুমের স্ত্রী তখন দাবি করেছিলেন, ওয়াসিম বাসায় এলেও পরে চলে গেছেন। কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা লালবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই ভবনে অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর শুক্রবার ভোরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মুরাদ হোসেনের অভিযোগ, ওয়াসিমের লাশ লুকানোর জন্য আট বস্তা মাটি এনে বাসার পাশে চাপা দেওয়া হয়েছিল। তিনি জানান, প্রতি মাসে ৩৫ হাজার টাকা পরিশোধের শর্তে তিন লাখ টাকা নেওয়া হলেও তা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন