নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি কারখানাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গুণগত মান সনদ বা সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা, রূপসী ও তারাবো এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভুলতার এসিআই গডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড এবং রূপসীর আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তারাবোর জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডকে লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনের প্রয়োজনীয় সনদ না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পোল্ট্রি ও ফিশ ফিডের মান নিয়ন্ত্রণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই লাইসেন্স ও নিবন্ধনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে মুচলেকা দিয়ে বিএসটিআইয়ের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, ফিডে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জের উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





