নারীদের যাতায়াত নিরাপদ করতে বিআরটিসির নতুন ‘পিংক বাস’ সার্ভিস

প্রকাশ:

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস’ বা পিংক বাস সার্ভিস চালু করেছে। গোলাপি রঙের এই বিশেষ বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারী কর্মী দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে তাদের অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে মোট ১৩টি রুটে ১৪টি বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রুট আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। এ সময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতীতে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হলেও বিভিন্ন কারণে তা নিয়মিত পরিচালনা করা সম্ভব হয়নি। এবার নতুন করে এই পিংক বাস সার্ভিস চালুর ফলে নগরীর নারী যাত্রীদের জন্য গণপরিবহনের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন