ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব

প্রকাশ:

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে নতুন তিন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই সদস্যরা হলেন ড. ক্লেয়ার গর্ডন, মাসুদ খান এবং অধ্যাপক ইমরান রহমান। উচ্চশিক্ষা, একাডেমিক নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং আর্থিক সুশাসনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁদের। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন আগামী দিনের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে। নতুন সদস্যদের যোগদান সেই উদ্যোগেরই অংশ। ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের অভিজ্ঞতা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।

নতুন সদস্যদের মধ্যে ড. ক্লেয়ার গর্ডন লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) এডেন সেন্টার ফর এডুকেশন এনহ্যান্সমেন্টের ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি শিক্ষা উন্নয়ন, কারিকুলাম সমৃদ্ধকরণ, শিক্ষক ও একাডেমিক কর্মীদের পেশাগত উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক চর্চা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। এছাড়া এলএসইতে তিনি শিক্ষায় জেনারেটিভ এআই এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।

মাসুদ খান বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান। বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, পুঁজিবাজার, অডিট তত্ত্বাবধান এবং বোর্ড পরিচালনার ক্ষেত্রে তার কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।

অধ্যাপক ইমরান রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য। বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবসায় শিক্ষা, একাডেমিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শেয়ার করুন