উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ১২০০ থেকে বাড়িয়ে ১৮০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে এই বর্ধিত শয্যাগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম দ্রুত চালুরও আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগ হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা ওই সম্মতিপত্রে স্বাস্থ্য সেবা বিভাগের ৪ আগস্ট ২০২৬ তারিখের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ বিভাগ জানিয়েছে, যাবতীয় বিধি-বিধান ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালন সাপেক্ষে এই শয্যা বৃদ্ধি ও সেবা কার্যক্রম চালুর বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।
সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালটির অনুমোদিত শয্যা সংখ্যা ১৮০০-তে উন্নীত করা হয়েছে এবং এগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সরকারি নিয়ম ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। জটিল রোগ, জরুরি সেবা ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অর্থ বিভাগের সম্মতিপত্রের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, সংশ্লিষ্ট উপসচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসনিক অনুমোদনের প্রজ্ঞাপনের অনুলিপি অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি দুই দপ্তরের ধারাবাহিক সিদ্ধান্তের মধ্য দিয়ে হাসপাতালটির শয্যা সংখ্যা পুনর্নির্ধারণ ও অনুমোদিত শয্যায় চিকিৎসাসেবা চালুর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।





