বোয়িং কেনায় কেন আগ্রহ, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা

প্রকাশ:

বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

উপদেষ্টা জানান, দীর্ঘ সময় ধরে বোয়িংয়ের উড়োজাহাজ পরিচালনার কারণে তাদের সাপোর্টিং স্টাফরা অনেকটা প্রস্তুত ও প্রশিক্ষিত। এই কারিগরি সক্ষমতা ও অভ্যস্ততার কারণেই বোয়িংয়ের উড়োজাহাজ বেছে নেওয়ার প্রবণতা সরকারের মধ্যে কিছুটা বেশি কাজ করে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন রাখেন যে, বোয়িং থেকে এতগুলো উড়োজাহাজ কিনলে দেশের অর্থনীতির ওপর কোনো চাপ পড়বে কি না। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বর্তমানে বেশ প্রতিকূল অর্থনীতির মুখোমুখি, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে বোয়িং কেনার ক্ষেত্রে পেমেন্টের বিষয়টি ধাপে ধাপে অনেক দীর্ঘ সময় পর্যন্ত বিস্তৃত থাকবে। এছাড়া উড়োজাহাজগুলো হাতে পাওয়ার বিষয়টিও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মনে হতে পারে যে এখনই বা খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় অংকের টাকা পরিশোধ করতে হবে, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে এবং সংকট থাকলেও কিছু প্রয়োজনীয় চাহিদা মেটাতে হবে। নতুন এই বোয়িংয়ের অর্ডারের কোনো তাৎক্ষণিক প্রভাব অর্থনীতির ওপর পড়বে না বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন