ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ:

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচনা হয়। সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদীর সীমানায় এসে শেষ হয়। এতে মাহবুব সিকদারের নেতৃত্বে ‘ধানসিড়ি গ্রুপ’ প্রথম স্থান অধিকার করে। এছাড়া চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন ‘গাবখান গ্রুপ’ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন ‘জাঙ্গালিয়া গ্রুপ’ তৃতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পৃথক দল সুগন্ধা নদীতে সার্বক্ষণিক টহলে নিয়োজিত ছিল।

বাইচ শেষে মিনিপার্কে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন