ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও দলীয় নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে শেখ মো. জাকারিয়া নামের এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বিএনপির কোনো পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে শেখ মো. জাকারিয়ার কোনো সম্পর্ক নেই। তাকে গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের বাসিন্দা ও জামায়াত নেতা কাজী মো. মনজুরুল হকের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাকারিয়া বর্তমানে উপজেলার কোনো বিএনপি সংগঠনের পদে নেই। এরপরও তিনি বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রদলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করছেন। এ ধরনের কর্মকাণ্ড দলের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করছে বলে বিএনপি নেতারা মনে করেন।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে যদি কোনো সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের রাজনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক ইমরান শেখ।





