রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদীয় দলের বৈঠক করলেন তারেক রহমান

প্রকাশ:

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এই সংসদীয় দলের সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার সংসদ সভাকক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে লড়ছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য। এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। সেই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী, যিনি পেয়েছিলেন ৯২ ভোট।

শেয়ার করুন