জনগণ রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মানতে বাধ্য হবে: হেলাল উদ্দিন

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতা রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মানতে বাধ্য হবে। তিনি মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, গণভোটের রায় মেনে না নেওয়ার অর্থ হচ্ছে বিএনপি জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। তার মতে, প্রায় ৭০ শতাংশ জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে নিজেদের পছন্দনীয় লোক দিয়ে কমিটি গঠন করে সংবিধান সংশোধনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, শহীদদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় গিয়ে বিএনপি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতারা আন্দোলনের সময় দেশে ছিলেন না। কেউ লন্ডন আবার কেউ শিলংয়ে অবস্থান করায় তারা ছাত্র-জনতার চেতনা ও আকাঙ্ক্ষা বুঝতে পারছেন না। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হলেও বিএনপি শুধুমাত্র নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

গণহত্যার বিচারের দাবি জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ শাসনামলের প্রতিটি দিন গণহত্যা চালানো হয়েছে। খুন, গুম, জুলুম, নির্যাতন, ব্যাংক দখল, অর্থ পাচার এবং প্রশাসনে দলীয়করণের মতো অপকর্মের জন্য তিনি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আহ্বান জানান।

পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান এবং প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

শেয়ার করুন