প্রতারণার মামলায় দণ্ডিত প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী, এই জামিন আদেশের ফলে বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশা সিদ্দিকীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয় এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ওই মামলায় দণ্ডিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদানের আদেশ দেন।





