ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ লাখ ২৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল এই অভিযানে অংশ নেয়।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের তালিকায় রয়েছে শাড়ি, বাসমতি চাল, এনসেন্টার পাউডার, বাজি, গরু, ফুচকা, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ঝান্ডুবাম, ভ্যাসলিন, জনসন বেবি ক্রিম, হেয়ার অয়েল, চকলেট, আমুল বাটার, ডাবল আমলা তেল, জনসন বেবি পাউডার এবং সেভেন অয়েলসহ বিভিন্ন সামগ্রী।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ বাণিজ্য রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।





