বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি’র নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুটি নতুন টিওবি (ট্যাকটিক্যাল অপারেশনাল বেস) উদ্বোধন করা হয়েছে। সীমান্তবর্তী ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ এলাকায় এই নতুন স্থাপনাগুলো যুক্ত করা হলো। বুধবার সকালে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন আনুষ্ঠানিকভাবে এই টিওবি দুটির কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার জানান, এই নতুন টিওবিগুলো বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রমকে আরও বেশি কার্যকর ও গতিশীল করে তুলবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিজিবি’র সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিজিবি’র রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলমসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ এলাকায় ২টি নতুন টিওবি উদ্বোধন করা হয়েছে।





