সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পুলিশের একটি ঘনিষ্ঠ সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
আদালত তার জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন বেনজীর আহমেদ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে দুবাই পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চাওয়ার ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল।





