বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন। এই জামিনের বিষয়টি জানার পর সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বিষয়টি জানার পরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, মন্ত্রণালয়ের সচিব ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। জামিনের শর্তগুলো জানার জন্য এবং সেগুলোর সার্টিফাইড কপি সংগ্রহের জন্য ল ফার্মকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন বাতিলের জন্য পিটিশন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা সরকারের সন্দেহের তালিকায় রয়েছে।

শেয়ার করুন