রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, অবৈধ চার্জিং পয়েন্টসহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অটোরিকশা চলাচলের বিষয়ে তিনি জানান, এগুলো নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হলে দ্রুতই রিকশার নম্বর নির্ধারণ এবং চালকদের নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, নিয়ন্ত্রনহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে বিধি ও নীতিমালা এখন সম্পূর্ণ প্রস্তুত। কর্মসংস্থান এবং পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে কিছু শর্তসাপেক্ষে এগুলো দ্রুত কার্যকর করা হবে। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।





