কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে বাংলাদেশ দল। শুক্রবার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। এবারের আসরে বিশ্বের ১০৭টি দেশের মোট ৪৩৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
বাংলাদেশের পক্ষে পদক জয়ী শিক্ষার্থীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী। এছাড়া দলের চতুর্থ সদস্য হিসেবে অনন্য যারিফ আকন্দ, যিনি মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী, প্রতিযোগিতায় অংশ নেন।
২ আগস্ট শুরু হওয়া এই অলিম্পিয়াডের ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টায় তিনটি করে সমস্যার সমাধান করতে হয়েছে। একক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন দলগত কার্যক্রমেও অংশগ্রহণ করেন। পদকজয়ী মো. সাইদুজ্জামান আরাফ বলেন, এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক বি এম মইনুল হোসেন। তিনি জানান, বুলগেরিয়ায় আয়োজিত প্রথম আসরে কোনো পদক না পেলেও, গত বছর চীনের দ্বিতীয় আসরে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পেয়েছিল। এবার তিনটি ব্রোঞ্জ পাওয়ায় দলের উন্নতির ধারা অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এবারের আসরে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান।
এআই অলিম্পিয়াডের কার্যক্রম গত এপ্রিল মাসে শুরু হয়। মে মাসে আঞ্চলিক পর্ব শেষ হওয়ার পর ১৬ মে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাতীয় পর্ব আয়োজিত হয়। কাগল প্ল্যাটফর্মে এআই চ্যালেঞ্জের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। এরপর ২০-২৩ মে জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়। দীর্ঘ দুই মাস বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তত্ত্বাবধানে প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের পর শিক্ষার্থীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজক বিডিওএসএন ছাড়াও বিইউবিটি জাতীয় পর্বের হোস্ট ও প্ল্যাটিনাম স্পনসর হিসেবে যুক্ত ছিল। এছাড়া রিভ চ্যাট পাওয়ার্ড বাই পার্টনার, ব্রেইন স্টেশন ২৩ গোল্ড স্পনসর, মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি সিলভার স্পনসর এবং বিটনা ব্রোঞ্জ স্পনসর হিসেবে সহযোগিতা করেছে। নলেজ পার্টনার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি এবং ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা। টিভি পার্টনার হিসেবে দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি আয়োজনে যুক্ত ছিল।





