জাতিসংঘের সাথে অংশীদারিত্ব জোরদারে কাজ করবে বাংলাদেশ

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা ও আর্থিক প্রতিপূরণ দ্রুতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি বাহিনীর প্রতিপূরণ প্রক্রিয়া সহজতর করায় ডিওএস-এর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মিশন এলাকায় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ডিওএস-এর পরিবেশ বিভাগের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের কার্বন ফুটপ্রিন্ট কমাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে এবং ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী।

নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউ পিএস) এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

হাইতির বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতির কথা জানান সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এই ইউনিটগুলো সোয়াত, র‌্যাপিড রেসপন্স, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার ক্রাইম তদন্ত এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ দক্ষতাসম্পন্ন। এসব সক্ষমতার ব্যবহারের বিষয়ে বেশ কিছু প্রস্তাব জাতিসংঘে পেশ করেছেন মন্ত্রী।

এই প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ আলোচনায় অংশ নেবে। পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে বিশেষায়িত পুলিশ টিম মোতায়েনেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের একটি ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ আলোচনায় অংশ নেবে। এই আলোচনা সফল করতে এবং প্রস্তাবিত সরঞ্জামসমূহ অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

শেয়ার করুন